নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০১৭ ১৮:০২

অনন্ত বিজয় দাশের বাবার মৃত্যু

উগ্রবাদীদের হাতে খুন হওয়া বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের বাবা রবীন্দ্র কুমার দাশ (৭৩) মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার ভোরে নগরীর চালিবন্দরস্থ মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রয়াতের মেয়ের জামাই, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর জানান, পেশায় ব্যবসায়ী রবীন্দ্র দাশ দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভূগছিলেন। ২০১৫ সালে ছেলে খুন হওয়ার পর থেকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন।

তিনি জানান, বাসায়ই চিকিৎসাধীন থাকা রবীন্দ্র দাশের শারিরীক অবস্থার শুক্রবার রাতে হঠাৎ অবনতি হয়। সাথেসাথে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া ওসমানী হাসপাতালে। ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন রবীন্দ্র কুমার দাশ। হাসপাতাল থেকে মরদেহ নগরীর সুবিদবাজারে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর ভোরের দিকে চালিবন্দর শশ্মানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।

সময় বিজয় সী জানান, অনন্ত'র মা পিযুষ রানী দাশও দীর্ঘদিন ধরে অসুস্থ। ছেলের মৃত্যুর পর থেকে তিনিও শয্যাশায়ী অবস্থায় আছেন।  

দুই ছেলে ও দুই মেয়ের জনক রবীন্দ্র কুমার দাশের ছোট ছেলে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে ২০১৪ সালের ১২ মে নিজ বাসার সামনে ধর্মীয় উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে। পেশায় ব্যাংক কর্মকর্তা অনন্ত হত্যা মামলা সিলেট আদালতে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।

শোক : লেখক ও গণজাগরণ মঞ্চের কর্মী অনন্ত বিজয় দাশের বাবা রবীন্দ্র কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট। এক শোক বিজ্ঞপ্তিতে সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবদনা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত