২২ এপ্রিল, ২০১৭ ১৮:৩৪
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশবাদীদের ‘উৎকণ্ঠিত নাগরিক জমায়েত’ অনুষ্ঠিত হয়েছে । বিরূপ আবহাওয়ার মধ্যে শনিবার (২২ এপ্রিল) দুপুর ১টায় অনুষ্ঠিত এই জমায়েত থেকে সিলেটের বিভিন্ন হাওর-নদীতে মাছ ও জলজ প্রাণের ভয়াবহ মড়কের বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন নাগরিকেরা ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপার-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই নাগরিক জমায়েতে স্বাগত বক্তব্যে বাপা-সিলেট শাখার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম বলেন, উত্তর-পূর্ব ভারতের খাসিয়াহিলে অপরিকল্পিত খনিজ উত্তোলনের ফলে বিগত কয়েক বছরে সেখানকার নদী ও জলাশয় দূষণের অভিযোগ করছেন স্থানীয়রা।
তিনি বলেন, এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ মেঘালয় ও আসামের মূলধারার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে । গত ফেবুরুয়ারী মাসের ৯ তারিখ খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ) উত্তর-পশ্চিম মেঘালয়া সংবাদ সম্মেলন করে খাসিয়াহিলে ইউরেনিয়াম উত্তোলনের ফলে রেনিকা নদীতে ব্যাপকভাবে মাছ ও জলজপ্রাণ মড়কের অভিযোগ করে, যা শিলং টাইম’স ১৮ ফেব্রুয়ারি ’১৭ প্রকাশ করেছে ।
তিনি আরও বলেন, ভারতের মেঘালয় রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (এমএসপি সিবি) বার্ষিক প্রতিবেদনে মেঘালয়ের নদীতে এই দূষণের উদ্বেগজনক তথ্য প্রকাশ পেয়েছে ।
তিনি জানান, এই রেনিকা নদীর পানি আমাদের কংস ও জাদুকাটা নদী হয়েই বাংলাদেশে প্রবেশ করে। তাই সাম্প্রতিক সময়ে হাওরে নজিরবিহীন মাছের মড়কে পরিবেশবাদীরা উৎকন্ঠিত ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান ‘উৎকণ্ঠিত নাগরিক জমায়েত’-এর সভাপতির বক্তব্যে বলেন, সিলেট অঞ্চলের উজান এলাকা হচ্ছে ভারতের উত্তরপূর্ব এলাকা। সেখানে পরিবেশ বিধ্বংসী কোনো কার্যক্রম চললে ভাটি তথা সিলেট অঞ্চলে ক্ষতিকর প্রভাব সবার আগে পড়বে।কয়লা ও ইউরেনিয়াম খনি থেকে নিগর্ত এসিডে মেঘালয়ের বিভিন্ন নদীর দূষণের খবর পাওয়া গেছে, পানি বিবর্ণ হয়েছে, দূষণের কারনে সেখানে জলজ প্রাণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এখানের পানিতে সেই দূষণ পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো আবুল কাশেম বলেন, হাওরের পরিস্থিতি ভয়াবহ । এমন দূষণে নাগরিকদের উৎকণ্ঠা প্রকাশ স্বাভাবিক । তিনি অবিলম্বে দূষিত পানির নমুনা সংগ্রহ করে উচ্চপর্যায়ের গবেষকদের মাধ্যমে পানি ও মৃত মাছ পরিক্ষা করার আহবান জানান ।
মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী হাওরের বন্যা নিয়ন্ত্রন বাঁধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান ।
রাজনীতিবিদ ধীরেণ সিংহ হাওর অঞ্চলের মানুষের চরম দুর্দশায় উৎকণ্ঠা প্রকাশ করে দলমতনির্বিষেশে সবাইকে তাঁদের পাশে দাঁড়ানোর আহবান জানান ।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু বলেন, গত বছর বিশ্ব ধরিত্রী দিবসে বাপা’র পক্ষ থেকে ‘উত্তরপূর্ব ভারতে অবাধ বৃক্ষ নিধন ও অপরিকল্পিত খনিজ আহরনে সুরমা অববাহিকায় ক্ষতিকর প্রভাব’-শীর্ষক একটি নাগরিক সংলাপে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল । আজ ভাটির পানিতে দূষণ হওয়ায় আমরা নাট্যকর্মীদের পক্ষ্য থেকে উৎকণ্ঠা প্রকাশ করছি ।
খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ডেন্সিল পডুয়েং বলেন, খাসিয়াহিলে এই দূষনের প্রতিবাদ করতে গিয়ে খাসিয়া স্টুডেন্ট ইউনিয়ন মেঘালয়-এর অনেক নেতা-কর্মী কারাবরণ করেছেন । এই দূষনে বাংলাদেশ একদিন ক্ষতিগ্রস্ত হবে এই আশংকা কেএসইউ পূর্বেই ব্যাক্ত করেছে ।
‘উৎকণ্ঠিত নাগরিক জমায়েত’-এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি আবুল হোসেন, ন্যাপ সিলেট মহানগর সভাপতি ইসহাক আলী, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকান্দর আলী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর সাধারন সম্পাদক রজতকান্তি গুপ্ত।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ডেন্সিল পডুয়েং, বাপা’র সংগঠক জাকির হোসেন, সুরমা রিভার ওয়াটারকিপারের সুপ্রজিত তালুকদার, হাওর অঞ্চলের সাংস্কৃতিক সংগঠক বিমান তালুকদার, আদিবাসী ছাত্র সংগঠক রবিন পতাম, ওয়ারিউস বারে, করমু টংপেয়ার প্রমুখ।
আপনার মন্তব্য