নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০১৭ ২১:০৩

জঙ্গি দমনে পশ্চিমা দেশগুলোর চেয়েও বাংলাদেশ সফল : কামরুল

জঙ্গিদের দমনে পশ্চিমা দেশগুলোর চাইতেও বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনী সফল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ, সিলেট আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

বিএনপির বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ এনে কামরুল ইসলাম বলেন, যারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে তাদেরকে কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে জঙ্গিদের দমন করছে। তাদের একটার পর একটা আস্তানা ধ্বংস করে দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে এমন সফল হতে পারেনি।

তিনি জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, কারো ইমেজই শতভাগ পরিষ্কার নয়। আগামী দুই বছরে সবাইকে ইমেজ ভালো করার চেষ্টা করতে হবে। নতুবা জনগনের কাছে তিরস্কৃত হতে হবে।

পেশাজীবী সমন্বয় পরিষদ, সিলেটের সভাপতি ডা. এহতেশামুল হক দুলালের সভাপতিত্বে ও সিলেটের এপিপি এডভোকেট শামসুল ইসলামের সঞ্চালনায় সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত