নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০১৭ ১২:৪১

টাঙ্গুয়ার পানিতে দ্রবীভূত অক্সিজেন কম, রঙ কালো: বিশেষজ্ঞ দল

সুনামগঞ্জের হাওরের পরিবেশ ও স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের দুটি বিশেষজ্ঞ দল। দল দুটি টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওর পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন।

সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গাজী সারোয়ার ইমতিয়াজ হাসমীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলটি কাজ শুরু করে। তারা সেখান থেকে পানি ও মরা জলজ প্রাণীর নমুনা সংগ্রহ করেন। এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সালেহউদ্দিনও রয়েছেন।

প্রতিনিধি দলটি হাওরের বিভিন্ন জায়গার পানির ঘনত্ব ও নমুনা সংগ্রহ করেন।

টাঙ্গুয়ার হাওরের পানি সংগ্রহ, পরীক্ষা শেষে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গাজী সারোয়ার ইমতিয়াজ হাসমী বলেন, কয়েকটা জায়গায় পানির নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে দেখা যায় যে, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম, অর্থাৎ প্রতিলিটারে ৫ মিলিগ্রামের কম। স্রোতের কারণে এর মাত্রা ভালো থাকার কথা ছিল। কিন্তু তারা ৩.১ পেয়েছেন, যা স্বাভাবিকের চাইতে কম। এ অবস্থা মাছের জন্যে প্রতিকুল।

তিনি আরও জানান, পিএইচ পর্যবেক্ষণে স্বাভাবিক পাওয়া গেছে। তারা আরও পানি সংগ্রহ করে বিশদ পরীক্ষার জন্যে ঢাকা নিয়ে যাবেন বলে জানান।

টাঙ্গুয়ার হাওরের পানির রঙ কালো অবস্থায় রয়েছে, যা অস্বাভাবিক বলেও জানান তিনি।

এদিকে গত কয়েক দিনের এই অস্বাভাবিক পরিবেশে স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে সকাল থেকে কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডা. নিঃস্বর্গ মেরাজ চৌধুরী।

তিনি জানান, সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওরের মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন তারা। এছাড়া কথা বলবেন হাওর পাড়ের মানুষের সঙ্গে।

আপনার মন্তব্য

আলোচিত