নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০১৭ ১৪:৩১

নিরাপদে বের করে আনা হলো স্কলার্সহোমের শিক্ষার্থীদের

বোমা সদৃশ বস্তু পাওয়ার পর নিরাপদে ক্যাম্পাসের বাইরে বের করে আনা হয়েছে স্কলার্সহোম'র শিক্ষার্থীদের। মঙ্গলবার দুপুর ১টার দিকে শিক্ষকদের সহযোগীতায় পুলিশ শিক্ষার্থীদের বাইরে বের করে আনে বলে জানান সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

সকাল ১১ টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ ভবনের সিঁড়ির নিচে বোমা সদৃশ বস্তু দেখতে পায় শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে প্রথমে পুলিশ ও পরে র‍্যাবের একটি দল স্কলার্সহোমে পৌছে। নিরাপত্তার স্বার্থে তারা ক্যাম্পাসটি ঘিরে রাখে।

স্কলার্সহোমে বোমাসদৃশ বস্তু পাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভবাকদের মধ্যেও। উৎকন্ঠিত অভিভাবকরা জড়ো হতে থাকেন ক্যাম্পাসে।

তবে দুপুর ১টার দিকে নিরাপদেই বাইরে বের করে আনা হয় শিক্ষার্থীদের।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সকল শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসের বাইরে বের করে আনা হয়েছে। তাদেরকে নিজ নিজ অভিভাকদের জিম্মায় দেওয়া হয়েছে। শিক্ষকদের চলে যেতে বলা হয়েছে।

সিঁড়ির নিচে পাওয়া যায় বস্তুটি আদতেই বোমা কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত আমরা স্কুল চত্বরটি ঘিরে রেখেছি।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত থাকার পরও ক্যাম্পাসের ভেতরে কিভাবে বোমাসদৃশ বস্তু আসলো এ ব্যাপারে স্কলার্সহোম'র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব) জুবায়ের সিদ্দিকী বলেন, বাইরে থেকে তো কেউ এরকম কিছু নিয়ে ভেতরে প্রবেশ করার কথা না। এখানককার কেউ এটি এখানে ফেলে রাখতে পারে। তবের পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসবে।

আপনার মন্তব্য

আলোচিত