নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০১৭ ১৫:০৭

স্কলার্সহোমের বোমাসদৃশ বস্তুটি ‘শক্তিশালী বিস্ফোরক’, ধারণা র‌্যাবের

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্সহোমের সিঁড়ির নিচে পাওয়া যাওয়া বোমা সদৃশ বস্তুটি শক্তিশালী বিস্ফোরক (এক্সপ্লোসিভ) হতে পারে বলে ধারণা করছেন র‌্যাব-৯ এর কর্মকর্তারা। এটি পরীক্ষার জন্য ঢাকা থেকে আনা হচ্ছে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ টিম। তারা আসলে বস্তুটি বিস্ফোরক কী না তা নিশ্চিত হওয়া যাবে।

এমনটি জানিয়েছেন র‌্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর জমসেদুর রহমান।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে স্কলার্সহোমের বোমা সদৃশ বস্তুটি পরিদর্শনে এসে তিনি বলেন, সিঁড়ি নিচে পড়ে থাকা বস্তুটির আশপাশে অনেক ক্যাবল রয়েছে ও সার্কিট রয়েছে। র‌্যাব-৯ এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল পরিদর্শন করছে। তাদের ধারণা, এটি শক্তিশালী এক্সপ্লোসিভ হতে পারে।

মেজর জমসেদুর বলেন, ঢাকা থেকে র‌্যাবের আরেকটি বোমা নিস্ক্রিয়করণ টিম আসছে। তাদের সাথে স্ক্যানারও থাকবে। তারা আসলে এই বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

র‌্যাবের উপ অধিনায়ক জানান, কিভাবে এই বস্তুটি এখানে এলো তা জানতে শিক্ষা প্রতিষ্ঠানটির সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ চলছে। তবে সিঁড়ির নিচে যেখানে বোমার রাখা স্থান ক্যামেরা আওতায় বাইরে।

মঙ্গলবার সকালে স্কলার্সহোম স্কুল কর্তৃপক্ষ সিঁড়ির নিচে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পায় শিক্ষার্থী। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে আসে র‌্যাব।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল ঘিরে রেখেছে। শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে আনা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত