২৫ এপ্রিল, ২০১৭ ১৬:১৭
সুনামগঞ্জে হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মাছ খাওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঘা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শেখ রফিকুল ইসলাম মঙ্গলবার বলেন, বিশেষজ্ঞরা জানিয়েছেন পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন মাছ খেলে সমস্যা হবে না।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। হাওরে পানিদূষণ কমেছে। মাছ মরছে না। এখন থেকে হাওরের মাছ ধরতে বা খেতে বাধা নেই।’
শেখ রফিকুল ইসলাম বলেন, সব হাওরে নিষেধাজ্ঞা ছিল না। যেসব হাওরে বা নদীতে পানিদূষণ হয়েছে এবং মাছ মরে ভেসে উঠছে, সেগুলো না খাওয়ার জন্য বলা হয়েছিল। এখন আর এতে বাধা নেই।
পানিদূষণ ও মাছের মড়ক সম্পর্কে বাংলাদেশ পরমাণু কমিশনের বিশেষজ্ঞ দিলীপ কুমার সাহা হাওরে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরে এর আগে জানিয়েছিলেন, হাওরে বিপুল পরিমাণে কাঁচা ধানগাছ তলিয়ে গেছে। সেগুলো পানির নিচে পচে গিয়ে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে জমিতে ব্যবহার করা কীটনাশকও রয়েছে। সব মিলিয়ে পানি দূষিত হয়ে মাছ, হাঁস ও অন্যান্য জলজ প্রাণী মারা গেছে। গতকাল সোমবার তিনি জানিয়েছিলেন, এখন বৃষ্টি হওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা বেড়েছে। কমেছে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ। পরিস্থিতির উন্নতি হচ্ছে।
আপনার মন্তব্য