সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৭ ২৩:৪৭

ধর্মপাশায় যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন করে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গড়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার ওরফে বিউটি (২২)। তিনি উপজেলার গড়াকাটা গ্রামের সাদেক মিয়ার স্ত্রী।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিইয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে গড়াকাটা গ্রামের চান মিয়ার ছেলে সাদেক মিয়ার সঙ্গে পাশের সাউদপাড়া গ্রামের বুলবুল মিয়ার মেয়ে হালিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর থেকেই সাদেক মিয়া ও তাঁর পরিবারের লোকজন টাকার জন্য হালিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। নিরুপায় হয়ে হালিমা তাঁর বাবার কাছ থেকে বেশ কয়েকবার টাকা এনে দেন।

গত শনিবার সন্ধ্যায় আবারও টাকা নিয়ে আসার জন্য হালিমাকে চাপ দেন সাদেক মিয়া ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু টাকা এনে দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করেন সাদেক মিয়া। গত রোববার বিকেল চারটার দিকে এ নিয়ে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তাঁকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন। তাদের নির্যাতনে হালিমার মৃত্যু হয়। নিজেদের রক্ষা করতে সাদেক মিয়া ও তাঁর পরিবারের লোকজন হালিমার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার চালান।

পরে খবর পেয়ে হালিমার মা-বাবা সোমবার সকালে বিষয়টি মধ্যনগর থানা পুলিশকে জানান।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, হালিমার শরীরের দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত