জগন্নাথপুর প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৭ ০০:১০

জগন্নাথপুরে মাছ ও হাঁসের পর এবার মরছে গরু

সুনামগঞ্জ জেলার সবকয়টি হাওরের ধান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক। বোরো ফসল তলিয়ে যাওয়ার পর একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাওরবাসী। প্রথমে ধান, পরে মাছ ও হাঁস মরে যায়। এখন গরুসহ বিভিন্ন গৃহপালিত পশু হারানোর আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন জগন্নাথপুর উপজেলাবাসী।

মঙ্গলবার(২৫ এপ্রিল) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামে ২টি গরুর মৃত্যু হয়েছে।

গরু দু'টির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, এ সংবাদ আমরা পেয়েছি। তবে কি কারণে গরুগুলো মারা গেছে আমরা এখনো নিশ্চিত নই। আমরা এ বিষয় খতিয়ে দেখে তদন্ত করব।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহপালিত পশু গরুসহ অন্যান্য পশুর ব্যাপকভাবে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এসব খাদ্যের চাহিদা মেটাতে স্থানীয় নলুয়ার হাওর থেকে বিভিন্ন জাতের 'ভটভটি' নামক ঘাস তুলে এনে গরুসহ অন্যান্য গৃহপালিত পশুকে খাদ্যের চাহিদা মেটাতে হচ্ছে। কিন্তু এসব খাদ্য খেয়ে এই দুটি গরু মারা গেছে।

স্থানীয়দের ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কামরুল আহমদ খাঁন বলেন, গৃহপালিত পশুর খাদ্য সংকট হওয়ায় গরুগুলোকে সোমবার (২৪ এপ্রিল) সারাদিন ভটভটি ঘাস খেতে দেওয়া হয়। ওই ঘাসে কিছু বিষক্রিয়া থাকায় গরুগুলো পাতলা পায়খানায় আক্রান্ত হয়। আক্রান্তকৃত গরুগুলোর মধ্যে ২টি গরু মারা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত