২৬ এপ্রিল, ২০১৭ ১৬:৫৮
রাঙামাটির নানিয়ারচর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমার অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সাধারণ জুম্ম শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে পাহাড়ের মানুষদের একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাদের জমি বেদখল হয়ে যাচ্ছে। তাদরে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। সেখানে বাঙালিদের পুনর্বাসিত করা হচ্ছে। এর ফলে পাহাড়িরা দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে। তাদের চাষের জমি কমে যাচ্ছে। তাদের বসবাসের জায়গা কমে যাচ্ছে।’
রমেল চাকমার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওখানে দেখতে গিয়েছিলাম। গত ১৯ এপ্রিলের রমেল চাকমা নামে নানিয়ারচরের একজন এইচএসসি পরীক্ষার্থীকে স্থানীয় বাজার থেকে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায় এবং তাকে বেধড়ক মারধর করে। তাকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হয়। পরে পুলিশ তাকে গ্রহণ করেনি। অবশেষে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
তিনি বাংলাদেশের সংবিধানের ২৭ ও ৩১ ধারা উল্লেখ করে বলেন, ‘প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার, সমান সম্মান ও নিরাপত্তার কথা থাকলেও আমাদের পাহাড়ি বন্ধুদের মৌলিক অধিকার দেওয়া হচ্ছে না। যদিও একসময় পাহাড়ে সশস্ত্র সংগ্রাম ছিল তাতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল এই কারণেই ১৯৯৭ সালে শান্তি চুক্তি করা হয়। সেই শান্তি চুক্তির কোনো ধারায় বর্তমানে বাস্তবায়ন করা হচ্ছে না। যার ফলে পাহাড়ে শান্তি আসছে না। অর্থাৎ তাদের মৌলিক অধিকাগুলো দেওয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘রমেল চাকমাকে প্রচণ্ড নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা চাই সমতলের মতোই প্রতিটি পাহাড়ি নাগরিক, প্রতিটি সন্তান বেড়ে উঠবে। সমান সুযোগ, শিক্ষা ও সহযোগিতা পাবে এবং এই দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে জীবন-যাপন করবে। কিন্তু আমাদের পাহাড়ি বন্ধুরা সে অধিকার পাচ্ছে না। আমরা তাদের সেই অধিকার দেওয়া জোর দাবি জানাচ্ছি।’
এসময় রমেল চাকমাসহ যতগুলো ‘হত্যাকাণ্ড’ ঘটছে সবগুলোর বিচার বিভাগীয় তদন্তের ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অরুণ বিকাশ চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাসেল চাকমা, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষণ মাহাতাব, ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি এম শাকিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি দীপেন চাকমা।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৯ এপ্রিল তার মৃত্যু ঘটে।
আপনার মন্তব্য