সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৭ ২১:৫৯

হাওরাঞ্চলের মানুষের সহায়তায় রাস্তায় ‘কাকতাড়ুয়া’

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষের জন্য রাস্তায় নেমেছে 'কাকতাড়ুয়া'। বন্যার্ত মানুষের সাহায্যার্থে সিলেটের সর্বস্তরের মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে সংগঠনটি।

বুধবার (২৬ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চলে এই অর্থ সংগ্রহ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ক্বীন ব্রিজ পর্যন্ত বিভিন্ন রকম প্ল্যাকার্ড ও বন্যার্তদের সাহায্যার্থে দানবাক্স হাতে নিয়ে হাওরাঞ্চলের বিভিন্ন গান গেয়ে রাস্তায় হেঁটে হেঁটে এই অর্থ সংগ্রহ করে 'কাকতাড়ুয়া'র এক ঝাঁক তরুণ-তরুণী।

'কাকতাড়ুয়া'র সদস্যরা জানান, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে বুধবার শুরু হওয়া এই অর্থ সংগ্রহ চলবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। তারপর সেই সংগৃহীত অর্থ 'কাকতাড়ুয়া'র সদস্যরা নিজেরা হাওরাঞ্চলে গিয়ে বন্যার্ত মানুষদের হাতে তুলে দিয়ে আসবেন।

উল্লেখ্য, সিলেটের একদল সৃষ্টিশীল তরুণ-তরুণীদের নিয়ে গঠিত স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন 'কাকতাড়ুয়া'। ১৪২০ বঙ্গাব্দের পহেলা আষাঢ় যাত্রা শুরু করে 'কাকতাড়ুয়া' নামে ব্যতিক্রমধর্মী এই সংগঠনটি।

আপনার মন্তব্য

আলোচিত