০২ মে, ২০১৭ ২৩:১৫
সিলেট নগরীর শিবগঞ্জ থেকে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল অসীম দেব (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
মঙ্গলবার (২ মে) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
গত ১২ এপ্রিল সিলেটের শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল এলাকার পাথর ব্যবসায়ী হাজী রহমত উল্যাহর ১০ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এসএমপির শাহপরান থানা পুলিশের একটি দল শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালিয়ে অসীম দেবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অসীম দেবের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত টেন্ডার শাহিনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে এমসি কলেজের ছাত্র ছালিম ও শোয়েব নামের দু'জনও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন।
শাহপরান থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত অসীম গত ফেব্রুয়ারিতে ছুটি নিয়ে আসার পর আর কর্মস্থলে যোগদান করেননি। ছুটি কাটাতে এসে সে অন্য ছিনতাইকারীদের সঙ্গে মিলে ওই ছিনতাইয়ের ঘটনায় অংশ নেন তিনি। সোমবার রাতে তাকে নগরীর উপশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য