০৩ মে, ২০১৭ ১৯:১২
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে সিপিবি-বাসদের কেন্দ্রীয় টিম সুনামগঞ্জে হাওর পরিদর্শন করেছেন।
বুধবার (৩ মে) দুপুর ১২টায় সুনামগঞ্জের সাচনা বাজারের বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সাচনা বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি সুনামগঞ্জ জেলার সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহ কাফি রতন প্রমুখ।
সমাবেশে কমরেড খালেকুজ্জামান বলেন, সরকারের ধারাবাহিক দুর্নীতির ফলে হাওবাসীর মানুষ আজ এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পরেছেন।
সরকার দলীয় এমপিদের মদদপুষ্ঠ ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড (পাউবি) এর দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের কারণে যথা সময়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ করতে পারার কারণে হাওর অঞ্চলের ৭টি জেলার সকল হাওর তলিয়ে গিয়েছে। যার কারণে ২কোটি মানুষ আজ বেঁচে থাকার শেষ সম্বল ফসল হারিয়ে অসহায় হয়ে পরেছে।
তিনি আরো বলেন, সরকারের ঘোষিত ৩০কেজি চাল ও ৫শত টাকা দুর্নীতিবাজ দলীয় নেতাকর্মীদের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না।
বক্তারা হাওর অঞ্চলকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভরণপোষণ ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবী জানান।
আপনার মন্তব্য