নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০১৭ ১৩:৩৯

গণিত ও আইসিটির প্রভাবে সিলেটে কমেছে পাসের হার

ফাইল ছবি

গণিত ও আইসিটির কারণে এবার সিলেটে এসএসসিতে পাসের হার কমেছে বলে মনে করেন শিক্ষাবোর্ড সংশ্লিস্টরা। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণাকালে সিলেট শিক্ষাবোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ এমনটি জানান।

এবার এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাস করেছে হার ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। যা গতবছরের থেকে ৪ দশমিক ৫১ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৭ শতাংশ।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ বলেন, গণিতে এবছর অনেক শিক্ষার্থী খারাপ করেছে। এছাড়া আইসিটি ও ক্যারিয়ার এডুকেশন এবছর নতুন যুক্ত হয়েছে। এগুলোতে শিক্ষার্থীরা ভালো করতে পারেনি। ফলে পাসের হার কিছুটা কমেছে।

পাসের হার কমলেও জিপিএ-৫ বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এবছর সিলেটে জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৩৯৭ টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।

শিক্ষাবোর্ডের সচিব বলেন, পাসের হার কমলেও জিপিএ-৫ বাড়ায় আমরা খুশি। জিপিএ-৫ বাড়ায় প্রমাণ হয় শিক্ষার গুণগত মান বেড়েছে।

এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৪শ’ ৫৭ জন ছেলে ও মেয়ে ৫ হাজার ৭শ’ ৯৮জন।

বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ।

এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮৭২ টি স্কুলের ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৭৫ হাজার ৩৭৪ জন। শতভাগ পাশ করেছে ৩৭ টি স্কুল।

গত বছরের মত এবারের পরীক্ষায় মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮০ দশমিক ৮৫ শতাংশ। আর মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ৭৯ শতাংশ ।
বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৪ দশমিক ৩১,হবিগঞ্জে ৭৬ দশমিক ০২,মৌলভীবাজারে ৭৬ দশমিক ১২ ও সুনামগঞ্জে ৮১ দশমিক ৩৮ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত