বিশ্বনাথ প্রতিনিধি

০৭ মে, ২০১৭ ২২:৩০

বিশ্বনাথে হামলা ও সংঘর্ষে আহত ৫

সংঘর্ষে আহত স্কুলছাত্র জুবেল আহমদ

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে প্রথমে হামলা ও পরে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র ও বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

রোববার (৭ মে) সকালে কালিগঞ্জ বাজারের আলাপুর গ্রামের লন্ডন প্রবাসী জমসেদ আলী ও একই গ্রামের বাসিন্দা দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে কালিগঞ্জ বাজারের জনকল্যাণ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র জুবেল আহমদ (১৬), তার পিতা আব্দুন নূর (৫০), তার লন্ডন প্রবাসী চাচা জমসেদ আলী (৭৫), বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ রাজ্জাক আলী (৬৫) ও সাইফুল ইসলাম (২০) আহত হন। গুরুতর আহত অবস্থায় জুবেল ও তার পিতা আব্দুন নূরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে চেয়ারম্যান তাহিদ মিয়া ও প্রবাসী জমসেদ আলীর মধ্যে কলিগঞ্জ বাজারে বাকবিতন্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত দেখে বাজারের সভাপতিসহ ব্যবসায়ীদের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি হয়। রোববার সকালে জমসেদ আলীকে বাজারের শাহজালার রেস্টুরেন্টের সামনে পেয়ে চেয়ারম্যানের ছেলে সাইফুল প্রথমে তার উপর হামলা চালায়। পরে চেয়ারম্যান তাহিদ মিয়ার উপস্থিতিতে তার পক্ষের লোকজন আব্দুন নূর ও তার ছেলে জুবেল আহমদকে পিটিয়ে আহত করে। হামলার ঘটনা নিয়ে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিপিএম জানান, মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত