ছাতক প্রতিনিধি

০৯ মে, ২০১৭ ১৯:০০

ছাতকে দুর্বৃত্তদের গুলিতে ১ জন আহত

ছাতকে দুর্বৃত্তদের গুলিতে কমরু মিয়া (৪৫) নামে এক বৃটেন প্রবাসীর বাড়ির কেয়ারটেকার গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ মে) রাত সাড়ে ৮টায় কমরু মিয়ার নিজ বাড়ীর পার্শ্ববর্তী স্থানে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা শটগান দিয়ে গুলি করে পালিয়ে যায়।

আহত কমরু মিয়া উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ও গ্রামের প্রবাসী আজাদ মিয়ার বাড়ীর কেয়ারটেকার। তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন তাকে প্রথমে কৈতক হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, ছাতক থানার ওসি আতিকুর রহমান, জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শওকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইনস্পেক্টর শওকত হোসেন জানান, পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কেয়ারটেকার গুলিবিদ্ধ হওযার বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ বলছেন প্রতিপক্ষকে শায়েস্থা করতে এ ঘটনা ঘটানো হয়েছে। আবার কেউ কেউ বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত