গোয়াইনঘাট প্রতিনিধি

১৭ জুন, ২০১৭ ১৮:৫০

গোয়াইনঘাটে আকস্মিক পাহাড়ি ঢল, বজ্রপাতে নিহত ১

ভারতের মেঘালয়ে প্রবল বর্ষণ, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢলে পিয়াইন, সারী, গোয়াইনসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার ভোর ৩টায় নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধিসহ উজানসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শুরু করে।

বানের পানির তোড়ে পিয়াইন নদীর উজান দিকে জাফলং কান্দু বস্তিতে একটি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।

জাফলং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সকালে জাফলংসহ গোয়াইনঘাটে ২০৬ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরি আবহাওয়ায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের প্রাণহানি ঘটেছে। নিহতের নাম সুনাম উদ্দিন। সে স্থানীয় দক্ষিণ প্রতাপুর গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জাফলং চা বাগানের ২৬নং সেকশনের কাছে ক্ষেতে চাষাবাদকালে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক সুনাম উদ্দিন।

গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এস আই বদিউজ্জামান জানান, আকস্মিক পাহড়িঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চলের রোপা ইরি ফসলের মাঠ তলিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় সবকটি পাথর কোয়ারীর সব ধরণের পাথর, বালি উত্তোলন বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন জানান, ভারতে মেঘালয়ে ভারী বর্ষণের ফলে পিয়াইন, সারী, গোয়াইন নদীসহ সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। পাহাড়িঢলে জানমাল, ক্ষয়ক্ষতির আশংকায় সবকটি ইউনিয়নসহ বন্যা উপদ্রুত এলাকার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত