২২ জুন, ২০১৭ ০০:৩২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নির্দিষ্ট সময়ে অফিসে আসেন না। তারা যখন ইচ্ছে আসেন, যখন ইচ্ছে চলে যান তারা। এতে করে উপজেলা পরিষদে সেবা নিতে আসা লোকজন দুর্ভোগে পড়ছে। গত ৮ মে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিল সরকার।
বুধবার (২১ জুন) মাধবপুরে সকাল ৯ টা থেকে ১০ পর্যন্ত ঘুরে বেশ বেশ কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের খুঁজে পাওয়া যায়নি। সকাল ৯ টা ১০ মিনিটে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায় বৈদ্যুতিক পাখা ঘুরছে। অফিস সহকারী শাহজাদা একাই রয়েছেন কর্মস্থলে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি হবিগঞ্জ জেলা সদরে একটি মিটিংয়ে যোগ দিবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই সময় জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় পাওয়া যায় তালা বন্ধ। সকাল ৯ টা ৫ মিনিটে উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সেটিও তালা বন্ধ অবস্থায় পাওয়া যায়। ৯ টা ৬ মিনিটে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে গিয়ে দেখা যায় ২ জন স্টাফ বসে আছেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দপ্তরে নেই। সহ উপ খাদ্য পরিদর্শক সামসুল হক জানান, স্যার এসে চলে গেছেন। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চুনারুঘাট রয়েছেন বলে জানান।
পাশেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উপজেলা অফিস ৯ টা ৯ মিনিটে তালা বন্ধ পাওয়া যায়। ৯ টা ১৫ মিনিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায় কম্পিউটার অপারেটর শ্যামল চন্দ্র পাল কাজ করছেন। জেলা শিক্ষা কর্মকর্তা এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আর কোন স্টাফকে পাওয়া যায়নি সেখানে।
সকাল ৯ টা ১৮ মিনিটে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গিয়ে দেখা মিলে যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের সঙ্গে। এ সময় উনার অফিসে একজন স্টাফকে কর্মরত দেখা যায়। অন্য স্টাফরা কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন বাকিরা ফিল্ডে রয়েছে। স্বাক্ষর দিয়ে গিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন উনারা মৌখিক ভাবে বলে ফিল্ডে গিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায় একজন স্টাফ কম্পিউটারে কাজ করছেন। তিনি জানান, স্যার ট্রেনিংয়ে আছেন। নাজমুল স্যার চলতি দায়িত্ব পালন করছেন। কিন্তু উনি উইআরসিতে আছেন।
সকাল ৯ টা ২৭ মিনিটে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে গিয়ে কার্য্যালয়টি তালা বন্ধ পাওয়া যায়। সকাল ৯ টা ৩৩ মিনিটে উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় তালা বন্ধ রয়েছে ডাক্তারদের নির্দিষ্ট কক্ষ গুলো।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোকলেছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি খোজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
আপনার মন্তব্য