২২ জুন, ২০১৭ ২৩:০১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির বাংলা শকুন উদ্ধার করেছে উপজেলা বন্যপ্রাণী বিভাগ।
বুধবার (২১ জুন) দুপুরে শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় এ শকুনটিকে উদ্ধার করা হয়। শকুনটি পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতির বাংলা শকুন বলে জানিয়েছে বন্যপ্রাণী বিভাগ।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগ সুত্র জানায়, শান্তিবাগ এলাকার একটি মাঠে শকুনটিকে পড়ে থাকতে দেখে এটির সাথে খেলা জুড়ে দেয় স্থানীয় কিছু শিশু-কিশোর। এক পর্যায়ে তারা শকুনটিকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে রাখে।
খবর পেয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অসুস্থ শকুনটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অফিসে নিয়ে এসে গ্লুকোজ, স্যালাইন ও পানি ইত্যাদি দেয়ার পর শকুনটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে শকুনটিকে মুরগীর মাংস খেতে দেয়া হয়।
বন্যপ্রানী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, সন্ধ্যায় এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে শকুনটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।
তিনি আরো জানান, এটি বাংলা শকুন। বর্তমানে পৃথিবীতে এটি সবচেয়ে বিপন্ন প্রজাতির শকুন।
আপনার মন্তব্য