সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল

২৩ জুন, ২০১৭ ১৫:২৭

শ্রীমঙ্গলের ইদ বাজারে ক্রেতাদের ঝোঁক বিদেশি পোশাকে

ইদ মানে খুশি, ইদ মানে আনন্দ, ইদ মানে নতুন পোশাক। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ইদ-উল-ফিতরকে ঘিরে ধনী বা গরীব পরিবারের সকলের জন্য পোশাক চাই-ই চাই। এই রমজানের প্রায় শেষে এসে জমে উঠেছে শ্রীমঙ্গলের ইদ বাজার। পছন্দের পোশাক ও জুতো কিনতে সবাই ছুটছেন বিপণীবিতানে।

শ্রীমঙ্গল শহরের বিভিন্ন শপিংমল ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে বিক্রি তেমন ভালো ছিল না। তবে ইদ যতো এগিয়ে আসছে, জমে উঠছে ইদের বাজার।

ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিংমলগুলো। বিক্রেতারা জানান, এবার ইদে দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকের দিকে ক্রেতাদের ঝোঁক বেশি। বিদেশি পোশাকের মধ্যে কিশোরী ও তরুণীদের জন্য রয়েছে বাহুবলি, মেহেরজান, লেহেঙ্গা, থ্রিপিস, সিনথেটিক ফ্রক ইত্যাদি।

শ্রীমঙ্গল শহরের ষ্টেশন রোডের শাপলা সুপার মার্কেট, ফসিউর রহমান মার্কেট, নিউমার্কেট, মিদাদ শপিং সিটি, সোনালী মার্কেট, সাইফুর রহমান পৌর সুপার মার্কেট, মিতালী ম্যানশন, খাতুন ম্যানশন ইত্যাদি মার্কেট ঘুরে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ করা যায়।

কয়েকজন ক্রেতা জানান, মার্কেট জুড়ে দেশি-বিদেশি নানান ডিজাইনের পোশাক থাকায় পছন্দ করে কেনা যাচ্ছে। এর মধ্যে বিদেশি পোশাকের প্রাধান্য বেশি। আবার অনেকে মানসম্মত পোশাক পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।

অনেকেই ইদে দেশি বুটিকস ও সুতি কাপড়কে বেছে নিচ্ছেন। নিড ফ্যাশনের মালিক মোহন রায় জানান, তরুণীদের পোশাকের পাশাপাশি তরুণদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা খুব ভালো চলছে।

সোনালী মার্কেটে কেনাকাটা করতে আসা তরুণী রুমা বেগম জানান, আমি আমার বড় আপু ও ভাগ্নিকে নিয়ে এসেছি ইদের কাপড় কিনতে। যে দোকানেই যাই না কেন, শুধু ভারতীয় থ্রি-পিস আর ভারতীয় বেনারসি শাড়ি মার্কেট দখল করে আছে।

আপনার মন্তব্য

আলোচিত