২৩ জুন, ২০১৭ ১৬:৫৪
সাম্প্রতিক অতিবৃষ্টিতে টিলা ধসের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মৌলভীবাজারের বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাত পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। পর্যটন কেন্দ্রে প্রবেশের প্রধান ফটক ও স্থানীয় কাঁঠালতলী বাজারের সামনে সতর্ক করে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুন্ড জলপ্রপাত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। ইদসহ বিভিন্ন ছুটিতে বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসুর পদচারণে মুখর হয়ে ওঠে জলপ্রপাত এলাকা।
এদিকে, আকস্মিক দুর্যোগে মাধবকুন্ডে পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতি ইদকে উপলক্ষ করে ১০-১৫ দিন আনন্দ উপভোগ করতে জলপ্রপাত ও ইকোপার্ক এলাকায় হাজার হাজার পর্যটকের ভিড় জমে। কিন্তু এবার নিষেধাজ্ঞার ফলে ইদ উপলক্ষে মাধবকুন্ড পর্যটকশূন্য থাকবে। এতে ইকোপার্কের গেট ইজারাদারদের আর্থিক লোকসান গুনতে হবে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে গত ১৮ জুন মাধবকুন্ড জলপ্রপাতের ভেতরে যাওয়ার সড়কে পর্যটন রেস্তোরাঁর কাছে প্রায় ৪০ ফুট জায়গা দুই ফুটের মতো দেবে যায়। এ সময় জলপ্রপাতে নামার স্থানে সিঁড়ির ডান পাশে আরও প্রায় ৪০ ফুট জায়গার মাটি সরে যায়। গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পর্যটন রেস্তোরাঁর কাছের জায়গা আরও প্রায় তিন ফুট দেবে গেছে। এছাড়া জলপ্রপাতে যাওয়ার পথে সড়কের পাশের উঁচু টিলায় ফাটলের সৃষ্টি হয়েছে। এতে পর্যটন কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বন বিভাগ ও এলজিইডির স্থানীয় কর্মকর্তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়লেখা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিদুৎ ভূষণ পাল শুক্রবার জানান, "টিলা ধসের কারণে মাধবকুন্ডের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। টিলায় লম্বালম্বি ঝুঁকিপূর্ণ ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি পর্যটন রেস্তোরাঁর কাছের টিলাটি প্রতিদিন একটু একটু করে ধসে পড়ছে। যে কোন সময় বড় ধরণের টিলা ধসের সম্ভাবনা রয়েছে। টিলার গাছগুলোও হেলে পড়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ধস আরো নামবে। টিলাটি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। জলপ্রপাতটি পর্যটকদের জন্য মোটেই নিরাপদ নয়। দুর্ঘটনা এড়াতে দর্শকদের অনুপ্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এখানে ঝুঁকি নেয়া যাবে না। ভবিষ্যতে আরো বিপর্যয় ঘটতে পারে। ইতিমধ্যে পর্যটকদের সতর্ক করে সাইনবোর্ড টানানো হয়েছে।"
বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস পর্যটনকেন্দ্রটি বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, "টিলা ধসের কারণে মাধবকুন্ড জলপ্রপাত এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পর্যটনকেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটনকেন্দ্রে প্রবেশের প্রধান ফটক ছাড়াও কাঁঠালতলী বাজারের সামনে পর্যটকদের সতর্ক করে বন বিভাগের পক্ষ থেকে ব্যানার টাঙানো হয়েছে।"
এ ব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, "জননিরাপত্তার ঝুঁকি ও পর্যটকদের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকায় প্রশাসনের সহায়তায় বন বিভাগ এটা করেছে। বন বিভাগ নিষেধাজ্ঞার বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। স্থানে স্থানে ব্যানার টানানো হয়েছে। পর্যটনকেন্দ্রটি ঝুঁকিমুক্ত হলে পর্যটকদের জন্য এটা খুলে দেওয়া হবে। এ লক্ষে শীঘ্রই কাজ শুরু করা হবে।"
আপনার মন্তব্য