২৩ জুন, ২০১৭ ২২:৩১
লন্ডনে মুসল্লিদের উপর ভ্যান ‘উঠিয়ে দিয়ে হামলার’ ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার বাংলাদেশি মুসলিম ওই গাড়ির আঘাতেই মারা গেছেন বলে পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
মোকাররম আলী ওরফে হিরণ মিয়া (৫২) সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের মরহুম আব্দুল গণির ছেলে। ৩ বোন ৩ ভাইয়ের মধ্যে মোকাররম সর্বকনিষ্ঠ। এলাকাবাসীর কাছে সহজ সরল ও ধার্মিক হিসেবে পরিচিত মোকাররম আলী দীর্ঘ দিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, এক বোন নিয়ে লন্ডনে বসবাস করলেও বাংলাদেশ ও ব্রিটেনে তাদের অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রয়েছেন।
রোববার (১৮ জুন) রাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে ওই হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ৫২ বছর বয়সী মোকাররম আলী ঘটনার একটু আগেই সেখানে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান।
গাড়ির ধাক্কায় নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে- প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তবে বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ওই ব্যক্তির দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে মোকাররম আলীর পরিবার বলেছে, পায়ে জোর কম থাকায় হঠাৎ পড়ে যাওয়ার এই সমস্যায় বেশ কিছু দিন ধরে তিনি ভুগছিলেন। ওই হামলার ঘটনা যখন ঘটে তখন তিনি ‘বিশ্রাম নিয়ে ঘরে ফিরে আসতে’ চাইছিলেন।
মোকাররমকে তার পরিবার ‘নীরব, ভদ্রলোক’ হিসেবে বর্ণনা করেছে, যিনি কোনো শত্রুতায় জড়াননি।
ওই হামলার পরপরই ড্যারেন ওসবোর্ন নামে ৪৮ বছর বয়সী ভ্যানচালককে আটক করে পুলিশে দেয় জনতা। তিনি একাই এই হামলায় ছিলেন বলে পুলিশের ধারণা। এই ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আপনার মন্তব্য