দেবকল্যাণ ধর বাপন

২৫ জুন, ২০১৭ ১৬:৪৩

মোবাইল ফোনের বাজারেও ঈদের আমেজ

ঈদুল ফিতরকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। তাই নগরীর শপিং মলগুলোর পাশাপাশি মোবাইল ফোনের বাজারেও এখন দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়।

এ মুহূর্তে ক্রেতারা সবচেয়ে বেশি ভিড় জমাচ্ছে মোবাইল ফোনের বাজারে। সময়ের সাথে আমাদের লাইফস্টাইলে এসেছে পরিবর্তন। সেই পরিবর্তনের হওয়া এবার দেখা যাচ্ছে ঈদের বাজারেও।

তরুণ-তরুণীদের কেনাকাটায় পোশাক-পরিচ্ছদের পাশাপাশি দেখা যাচ্ছে মোবাইল কেনাকাটার প্রবণতা। এখন পোশাক আশাকের পাশাপাশি নিজ নিজ সাধ্য অনুযায়ী মোবাইল কিনছেন ক্রেতারা, এমনটাই জানিয়েছেন মোবাইল বিক্রেতারা।

ঈদ উপলক্ষে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনে দেওয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। একই সাথে রয়েছে বিভিন্ন ধরনের গিফট ও গ্যাজেট, রয়েছে বান্ডেল অফারও। এছাড়া নির্দিষ্ট কোম্পানির ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা তো রয়েছেই।

করিম উল্লাহ মার্কেটের স্যামস্যাং মোবাইলের বিক্রয় কর্মীররা জানান, ঈদ উপলক্ষে নির্দিষ্ট মডেলের ফোনগুলোতে দেওয়া হচ্ছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এছাড়া রয়েছে লটারির মাধ্যমে বিজয়ীরা দেশের সাতটি স্থানে ভ্রমণের সুবিধা পাবেন।

নগরীর গিরি বাণিজ্য ভবনের ওয়ালটন স্মার্ট জোনের পরিচালক গালিব দাইয়ান চৌধুরী অমিত বলেন, ঈদকে সামনে রেখে স্মার্টফোনের চাহিদা কিছুটা বেড়েছে।  তবে গত বছরের তুলনায় এবছরের ঈদে মোবাইলের বাজার অনেকটা ভালো।

ঠিক একই কথা বললেন চৌহাট্টার শামা টেলিকমের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) রনি পাল। তিনি আরো বললেন এবছরে নকিয়ার চাহিদা তুলনামূলক বেশি।  

দরগাহ গেইটের অপ্পোর বিক্রয়কর্মী জানান, ঈদ উপলক্ষে তাদের নির্দিষ্ট মডেলের স্মার্টফোনের সাথে দেওয়া হচ্ছে সেলফি স্টিক, ব্লু-টুথ স্পিকার ও গিফট বক্স।

মোবাইল কিনতে আসা রায়হানের সাথে কথা বলে জানা যায় , এবছর সে এসএসসি পাশ করেছে। রেজাল্ট ভালো হলে তার বাবা তাকে একটি মোবাইল কিনে দেবেন বলেন। আর তাই সে আজ বাবার সঙ্গে এসে একটি মোবাইল ফোন কেনে।  

আর তার বাবা বললেন, ছেলেকে এই ঈদে মোবাইল কিনে দেওয়ার কথা ছিলো, তাই ছেলের ঈদ উপহার হিসেবে স্মার্টফোন কিনে দিলাম।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারহানা আক্তার এসেছেন ছোট ভাই ইয়াসিনকে নিয়ে ঈদের উপহার কিনতে। ঈদে পোশাক কেনা অনেক আগেইশেষ, তাই ছোট ভাইয়ের স্মার্টফোনের বায়না পূরণ করতেই ওকে নিয়ে মোবাইলটা কিনতেই এখানে আসা বলে জানালেন তিনি।

তবে বাজার ঘুরে দেখা গেলো জনপ্রিয়তার শীর্ষে যথারীতি স্যামসাং ও অ্যাপলের আইফোন। এ ছাড়া মধ্যবিত্ত ক্রেতাদের কাছে মিডরেঞ্জ ফোন হুয়াওয়ে, আসুস, মাইক্রোসফট, অপ্পো, শাওমি ব্র্যান্ডের মোবাইলের চাহিদাও বেশ লক্ষ করা গেলো। তাছাড়া সকল ব্র্যান্ডেই বাজেট অনুযায়ী রয়েছে মডেল নির্বাচনের সুযোগ।

তাছাড়াও কম বাজেটের মধ্যে দেশীয় পণ্য সিম্ফনি আর ওয়ালটন রয়েছে বিক্রির তালিকায় শীর্ষে।

মুন্তাকিন নামের এর ক্রেতা বলেন, ‘বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া অনেকটা ডিজিটাল যুগের অংশ মনে হয়না তাই ছাত্র জীবনে অ্যান্ড্রয়েড ফোন দরকার। আমিও তাই স্যামসাংয়ের সি নাইন প্রো ফোনটি কিনে ফেললাম ।

তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে সামসাং তার সব ধরনের মোবাইল ফোনের দাম একটু কম। আমি ৪৯ হাজার ৯’শ টাকার মোবাইল ফোনটি ৪৬ হাজার টাকায় কিনেছে। তাতে প্রায় ৩ হাজার ৯’শ  টাকা ছাড়ে পেয়েছি।

এদিকে বাজেটে শুল্ক বাড়ানো হলেও ঈদের আগে বিক্রি বাড়াতে দাম বাড়াননি বিক্রেতারা। ঈদের আগে প্রতিযোগিতাও বৃদ্ধি পায় বিক্রেতাদের মধ্যে। এ কারণে ক্রেতা ধরে রাখতে এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানান বিক্রেতারা।

আপনার মন্তব্য

আলোচিত