২৫ জুন, ২০১৭ ২০:০৭
রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। ফলে সোমবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। মুসলিম সম্প্রদায়ের এই উৎসবের সকাল শুরু হয় নামাজ আদায়ের মধ্য দিয়ে।
এবার সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডসহ সবকটি থানার মোট ২৫৪ জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সিলেট সিটি করপোরেশন এলাকাসহ মহানগর পুলিশের আওতাধীন ৬ থানার ২৫৪ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে শাহী ঈদগাহের পর বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার মসজিদে। এই তিন এলাকাকে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে।’
তিনি আরো জানান, ‘প্রধান তিন ঈদ জামাতের স্থান ছাড়াও নগরীর বাকি ঈদগাহগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। তাছাড়া সিটি করপোরেশনের বাহিরের ঈদ জামাতগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে’।
তিনি বলেন, ‘ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।’
রবিবার দুপুরে শাহী ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন- জঙ্গিদের তৎপরতা এখনো থেমে যায়নি। তারা সুযোগ পেলে যে কোন পরিস্থিতিতেই নাশকতা সৃষ্টি করতে পারে। তাই এসব নাশকতা মোকাবেলা করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ। পবিত্র ঈদুল ফিতর ও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সিলেট নগরীতে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।
নিরাপিত্তা ব্যবস্থা সম্পর্কে গোলাম কিবরিয়া জানান- সিলেটের প্রধান প্রধান ঈদের জামাতের স্থান ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। মুসল্লিদের তল্লাশি ব্যতিত শাহী ঈদগাহে ঢুকতে দেয়া হবে না। সিলেটে শাহী ঈদগাহসহ অন্যান্য নামাজের স্থানগুলোতে পোষাকধারীদের পাশাপাশি সাদা পোষাকেও নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ।
আপনার মন্তব্য