২৬ জুন, ২০১৭ ০০:৩৮
সোমবার মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিন ঈদের নামাজের সময় মৌলভীবাজারের ঈদগাহের নিরাপত্তার দায়িত্বে থাকবে হিন্দু ধর্মাবলম্বী ৪৫ তরুণ। নামাজের সময় ঈদগায়ের নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবেন এরা।
মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে এই ৪৫ জনকে বাছাই করে ঈদগাহের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব প্রগদান করা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে বেলা ৯টা পর্যন্ত ঈদের জামাত চলাকালীন সময়ে মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে তারা দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি গ্রুপে ভাগ করে ৪৫ জন হিন্দু তরুণ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। ঈদগাহের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগীতা করবেন তারা।
এই স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপের প্রধান পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু বলেন, মৌলভীবাজারে দীর্ঘকাল ধরে হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করছেন। এক ধর্মের উৎসবে অন্য ধর্মের লোকজন সবসময়ই সহযোগীতা করেন। দায়িত্ববোধ থেকেই আমরা এটা করছি।
মৌলভীবাজারের ঈদগাহতে ভোর সাড়ে ৬টা, সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য