নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০১৫ ০১:৫৮

নগরীর কাস্টঘরে পরিচ্ছন্নতা কর্মী খুন

সিলেট নগরীর কাস্টঘর সুইপার কলোনীতে মাদকসেবীরা কুপিয়ে হত্যা করেছে এক পরিচ্ছন্নতাকর্মীকে। নিহতের নাম সিকন্দর লাল(৩০)। সে দিপক লালের পুত্র। 

নিহত সিকন্দর লালের ছোট ভাই বাবু জানান- সিকন্দর লাল ও তার স্ত্রী রীতা গোয়াইনঘাটের জাফলং বাজারে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। সপ্তাহে দু একবার তারা কাস্টঘরের বাসায় আসেন। প্রিন্স নামের তাদের এক ছেলে রয়েছে। শনিবার বিকেলে তাদের আরো একটি মেয়ের জন্ম হয়েছে। স্বজনদের এ খবর দিতে সন্ধ্যায় কাস্টঘরস্থ কলোনীতে এসেছিলো সিকন্দর। রাত ৯টার দিকে তর্কাতর্কির জের ধরে কুপিয়ে হত্যা করা হয় সিকন্দর লালকে।

কলোনীর বাসিন্দাদের অভিযোগ- শনিবার রাত ৯টার দিকে নগরীর খুলিয়া পাড়া এলাকার শাহীন, ডাব্লু তাদের সহযোগীদের নিয়ে সিকন্দরকে কুপিয়ে হত্যা করে।

বন্দর বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান- পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেননি পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত