১৭ মে, ২০১৫ ০৩:১৫
সিলেট সার্কিট হাউজ এলাকায় জাতীয় পার্টির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রমতে জানা যায়- সিলেট সার্কিট হাউজে শনিবার রাত ৯টায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সাথে সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা হয়। সভার এক পর্যায়ে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য এবং বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আরশ আলী বাবলু। বাবুল তার বক্তব্যে বিশ্বনাথে এমপি ও পার্টির নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ করেন। পাশাপাশি বিশ্বনাথ উপজেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন। বাবলুর এই বক্তব্য সমর্থন করে ওসমানী নগর জাতীয় পার্টির সেক্রেটারী মকবুল হোসেনও বক্তব্য রাখেন।
সভা শেষে রাত ১০টার দিকে বের হয়ে যাবার পর সার্কিট হাউজের গেটের সামনে আসামাত্র সিলেট-২ আসনের সংসদ সদস্য এহিয়া চৌধুরীর ছোটভাই সহল আল রাজি চৌধুরী কয়েকজন সহযোগী নিয়ে আরশ আলী বাবলুর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। বাবলুর ওপর হামলা থামাতে গিয়ে আহত হন জাতীয় পার্টি নেতা আব্দুল হান্নান ও ইলিয়াস আলী।
এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। পরে প্রতিমন্ত্রী ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আপনার মন্তব্য