০৩ জুলাই, ২০১৭ ১৭:৪৪
বন্যা কবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবেনা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরও বলেন, নেত্রীর নির্দেশে সরকারি কাজ ফেলে আপনাদের পাশে ছুটে এসেছি।
সোমবার (৩ জুলাই) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শরিফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং বন্যা কবলিত মানুষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বন্যা কবলিত মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন।দুর্গত লোকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে প্রশাসনকে জোর তাগিদ দেন।
এসময় শিক্ষামন্ত্রী সঙ্গে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবা্হ, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালিক আহমদ, বাদেপাশা্ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ আহমদ ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন জানান, এরিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে গোলাপগঞ্জ এলাকায় সরকার থেকে সাড়ে ১৮ মেট্রিকটন চাল, নগদ প্রায় ৩১ হাজার টাকা এবং অর্ধ-লক্ষাধিক টাকার ভিজিএফ কার্ড বন্যার্তদের প্রদান করা হয়েছে।
বিয়ানীবাজার সাড়ে ১৪ মেট্রিকটন, ৩২ হাজার টাকা ও ৪ হাজার ৯৫০টি কার্ড বিতরণ করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
আপনার মন্তব্য