বড়লেখা প্রতিনিধি

০৬ জুলাই, ২০১৭ ২০:৫৬

বন্যায় কোন মানুষ অভুক্ত থাকবে না : অতিরিক্ত সচিব আমির হোসেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন একজন দুর্গত মানুষও যেন অভুক্ত না থাকে। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমরা কাউকে অভুক্ত রাখতে চাই না। আমি গত ৩ দিন ধরে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছি।

মঙ্গলবার ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া এমপি হাকালুকির বন্যা পরিস্থিতি দেখে গেছেন। চাহিদা অনুযায়ী তড়িৎ গতিতে মন্ত্রণালয় ত্রাণের বরাদ্দ দিচ্ছে। দুর্গত এলাকায় ১ জুলাই থেকে বন্ধ থাকা ও এমএসের চাল শীঘ্রই বিক্রি শুরু হবে।  

অতিরিক্ত সচিব আমির হোসেন বৃহস্পতিবার জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় দিনব্যাপী শুকনো খাবার, ভিজিএফের ত্রাণের চাল ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, ডা. ফেরদৌস আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, ইউপি চেয়ারম্যান নছিব আলী, বিদ্যুৎ কান্তি দাস, ইউপি সদস্য মাসুক আহমদ প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, ওষুধ, দিয়াশলাই, খাবার স্যালাইন।

আপনার মন্তব্য

আলোচিত