০৮ জুলাই, ২০১৭ ১৯:০৪
সিলেটের ওসমানীনগরে শিরনির বদলে বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে ওসমানীনগরে বন্যার্ত মানুষদের সহযোগিতা করা হয়েছে।
জানা যায়, ওসমানীনগরের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাচাতো ভাই আবদুল ওদুদ মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। স্থানীয় রীতি অনুযায়ী শনিবার (৮ জুলাই) মৃতের চার দিনের ফুল শিরনি ছিল।
কিন্তু চারদিকে বন্যা কবলিত দুস্থ মানুষ অনাহার অর্ধাহারে থাকায় শিরনীর বদলে তারা নূরপুর ও মোবারকপুর গ্রামের ১’শ পরিবারের মধ্যে ৫ কেজি হারে চাল বিতরণ করেন। তাদের এই উদ্যোগে গ্রামবাসীও খুশি।
নূরপুর গ্রামের আবদুল হাসিম বলেন, চালগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। শিরনী পেলে হয়তো একবার খেতে পারতাম কিন্তু চালগুলো দিয়ে কমপক্ষে দুই দিন খেতে পারব।
প্রধান শিক্ষক মো. আবুল লেইছ বলেন, চলমান রীতি অনুযায়ী কেউ মারা গেলে চার দিনের দিন খৈ এবং বিভিন্ন ধরণের ফলমূল দিয়ে ফুল শিরনী করা হয়। কিন্তু সর্বত্র বন্যা কবলিত মানুষজন খেয়ে না খেয়ে আছেন। তাই আমরা এ ধরণের শিরনী না করে গরীব পরিবারের মধ্যে ৫ কেজি হারে চাল ঘরে ঘরে পৌঁছে দেই।
আপনার মন্তব্য