নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০১৭ ২২:৫০

সিলেটে অব্যাহত লোডশেডিংয়ে অসন্তোষ অর্থমন্ত্রীর

সিলেটে বিদ্যুতের অব্যবস্থাপনা ও ঘন ঘন লোডশেডিংয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি অবিলম্বে লোডশেডিং বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেন।

শনিবার (৮ জুলাই) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন, গণপূর্ত, এলজিইডি, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও সেতু বিভাগের সাথে সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় মিলিত হন অর্থমন্ত্রী। এসময় তিনি বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের সংবাদে অসন্তোষ প্রকাশ করেন।

সভায় অর্থমন্ত্রী বিভিন্ন দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত উন্নয়ন প্রকল্পের পৃথকভাবে অগ্রগতি বিষয়ে অবহিত হন ও স্ব স্ব বিভাগের রিপোর্ট নেন।

সভায় অর্থমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনে চলমান উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে প্রক্রিয়াধীন প্রকল্পের কাজ দ্রুত করার তাগিদ দেন।

অর্থমন্ত্রী সিলেট সদর উপজেলার বাদাঘাটে নির্মাণাধীন কেন্দ্রীয় কারাগার সংলগ্ন তেমুখি-বাদাঘাট প্রায় ৫ কিলো মিটার সড়ক ৬ লেনে উন্নিতকরণ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার জন্য সড়ক ও সেতু বিভাগকে নির্দেশ দেন।

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ড. এ.কে আব্দুল মোমেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

সভায় বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দফতরের চলমান উন্নয়ন প্রকল্পসমুহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে শেষ করার জন্য বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তাদেরকে নির্দেশ দেন অর্থমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত