১৭ মে, ২০১৫ ২১:৫৯
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লম্বাবাক গ্রাম থেকে সাড়ে চার লাখ টাকার জালনোটসহ তিন ব্যক্তিকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। রোববার সন্ধ্যা সাতটা দিকে জাল টাকাসহ তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে র্যাবের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে জামলাগঞ্জ সদর ইউনিয়নের লম্বাবাক গ্রামের শফিকুল ইসলামের (৩৫) বাড়িতে অভিযান চালান র্যাব সদস্যরা।
এ সময় তার বসতঘর থেকে সাড়ে চারলাখ টাকার এক হাজার ও পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে শফিকুল ইসলাম, একই গ্রামের আবদুর রহীম (৫৫) ও দেলোয়ার হোসেনকে (৬০) আটক করা হয়। র্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হবে।
আপনার মন্তব্য