০৯ জুলাই, ২০১৭ ১৯:৪৪
সুনামগঞ্জে হাওরের ভাসান পানিতে অবাধে মাছ ধরার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হাওরের ফসলহারা মানুষজন।
রোববার (৯ জুলাই) বিকেলে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ শেষে সদর উপজেলার পরিষদের সামনের সড়কে সমাবেশ করেন তারা।
সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, হাওরের ফসলহারা কৃষক আবদুল গফুর, এরশাদ মিয়া, আবদুস সোবহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ একদিকে কৃষক, অন্যদিকে জেলে। বর্ষায় হাওরের ভাসান পানিতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তারা। কিন্তু এবার কোনো ফসল না পাওয়া হাওর এলাকার কৃষক ও জেলেরা নিঃস্ব হয়ে পড়েছেন। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় হাওরে মাছ ধরা ছাড়া তাদের আর কোনো বিকল্প কাজ নেই। কিন্তু হাওরের ভাসান পানিতে মাছ ধরতে ইজারাদারের লোকজন নানাভাবে তাদের বাধা দিচ্ছে। তাই এ বছর সুনামগঞ্জের সকল হাওরের ইজারা বাতিল করে ফসলহারা জেলে-কৃষকদের অবাধে হাওরে মাছ ধরার সুযোগ দিতে হবে।
সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গত এপ্রিল মাসের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলরক্ষা বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার।
আপনার মন্তব্য