বিয়ানীবাজার প্রতিনিধি

১০ জুলাই, ২০১৭ ১৭:০৪

বিয়ানীবাজার সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে নবীন বরণ উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রায় হাজার খানেক শিক্ষার্থী কলেজ জীবনের প্রথম ক্লাসে অংশ নেয়। ওরিয়েন্টেশন ক্লাস চারভাগে গ্রহণ করেন কর্তৃপক্ষ। মানবিকের শিক্ষার্থীরা ক্রমানুসারে দুই ভাগে এবং বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই ভাগে ক্লাসে অংশ নেন।

এ সময় বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথসহ বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজ অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ জানান, বিয়ানীবাজার সরকারি কলেজে শান্তিপূর্ণভাবে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট সহযোগিতা করেছেন। কলেজ প্রশাসন সবার কাছে এ জন্য কৃতজ্ঞ।

নিরাপত্তার বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের কঠোর নিরাপত্তা বিধানে পুলিশ সক্রিয় রয়েছে। কোন অবস্থায় কলেজের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হবে না। প্রকৃত শিক্ষার্থীদের কলেজে প্রবেশ করানো হচ্ছে। এক্ষেত্রে পুলিশকে কলেজের বিএনসিসি সহযোগিতা করছে।

আপনার মন্তব্য

আলোচিত