১০ জুলাই, ২০১৭ ১৮:৫৬
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। দুর্নীতি মুক্ত সমাজ, রাষ্ট্র গঠনে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নিয়মিত পাঠদান এবং পড়াশুনা চালিয়ে নিলে কখনোই শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার সুযোগ নেই। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা বহুদূর এগিয়েছে। এ বৎসর সরকারের তরফে সারা দেশে ৩৬ কোটি বই বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সিলেটের গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছে। যে কারণে পাঠ্যসূচী বাকী রেখে যে সব শিক্ষক প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে শিক্ষামন্ত্রীসহ সরকারের দায়িত্বশীলরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনে বর্তমান সরকারের অবস্থান প্রশংসার দাবি রাখে। আলোকিত সমাজ ও জাতি গঠনে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দিলরুবা খানমের পরিচালনায় ও অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, অফিসার তদন্ত হিল্লোল রায়, বীর মুক্তিযোদ্ধা ও পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু। স্বাগত বক্তব্য রাখেন একাদশ শ্রেণী শিক্ষার্থী মনিরা আক্তার মনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী ইফতেখার হোসেন শামীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক নাছিম আহমদ, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামিম আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য