১৮ মে, ২০১৫ ১৮:১০
যুক্তি সম্পাদক, বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকান্ডের স্থান সুবিদবাজারের নূরানী আবাসিক এলকায় স্মারক স্মৃতি স্তম্ভ নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার (১৮ মে) বিকেলে হত্যাকান্ডের স্থানে প্রতিবাদী দেয়াল লিখনের উদ্বোধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এসময় অনন্ত'র বিদেহী আত্মার শান্তি কামনায় সেখানে পুষ্পাঞ্জলি অর্পন করেন তারা।
এর আগে গত শুক্রবার গণজাগরণ মঞ্চের সংহতি সমাবেশ থেকে অনন্ত বিজয়ের হত্যার স্থলে স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য সিটি করপোরেশনের কাছে দাবি জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া আহমেদ, এডভোকেট মঈনুদ্দিন জালাল, পরিবেশকর্মী আব্দুল করিম কিম, আওয়ামী লীগ নেতা এটিএম হাসান জেবুল, স্থানীয় বাসিন্দা মেহেদী জাকারিয়া মুন্না প্রমুখ।
এ সময় বক্তারা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন। হত্যাকান্ডের স্পটে একটি স্মারক স্মৃতি স্তম্ভ নির্মানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ১২ মে সকালে নগরীরর সুবিদবাজারে বাসা থেকে বের হওয়ার সময় বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে জঙ্গি মৌলবাদীরা। অনন্ত দীর্ঘদিন ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন।
আপনার মন্তব্য