১৪ জুলাই, ২০১৭ ১৮:৪২
বাউল আবদুর রহমানের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
শুক্রবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত বাউল আবদুর রহমানকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন কামরান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান বাউলের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান। এ সময় চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে এই বাউলের চিকিৎসা করায় তাদের ধন্যবাদও জানান।
এ সময় তাঁর সঙ্গে হাসপাতালের চিকিৎসকেরা ছাড়াও সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘বাউল আবদুর রহমান একজন স্বনামধন্য বাউল। তাঁর অসাধারণ কণ্ঠ, নির্লোভ চরিত্র ও ব্যক্তিত্ব আমাদের অনুপ্রাণিত করে। তাঁর সুচিকিৎসায় সম্মিলিতভাবে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’
উল্লেখ্য, গত সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় বাউল আবদুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসতন্ত্রের জটিল রোগে ভুগছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বাউলের বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে। আবদুর রহমান বর্তমানে হাসপাতালের চতুর্থ তলার ১ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মন্তব্য