নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০১৭ ১৯:১৩

চালিবন্দরে হিন্দু নেতার বাসায় হামলা, সেই খলিল গ্রেপ্তার

সিলেট নগরীর চালিবন্দরে জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক অতিন্দ্র দেবের বাসায় হামলাকারী খলিল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ থেকে খলিলকে গ্রেপ্তার করে।

নগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা খলিল গত বছর চালিবন্দরের ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এঘটনায় দায়েরকৃত মামলায় ৫ বছরের সাজা হয় খলিলের।

গত বছর খলিল ভৈরব প্রতিমা ভাংচুর করলে তার প্রতিবাদ করেছিলেন অতীন্দ্র। এতে ক্ষিপ্ত হয়ে খলিল ভাংচুর মামলায় জামিন পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অতীন্দ্রের বাসায় হামলা চালায়। এসময় অতীন্দ্রের আড়াই বছর বয়সী নাতনি প্রিয়া দাশের মাথায় আঘাত করে আহত করার খলিল। তার বিরুদ্ধে অতীন্দ্র বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার বিকেলে কোতয়ালী মডেল থানার ওসি গৌছুল আলম জানান, খলিল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক অতিন্দ্র দেবের চালিবন্দরের বাসায় হামলা চালায়। হামলাকারী ওই নেতাকে বাসায় না পেয়ে তার নাতনি প্রিয়া দাশকে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে আহত করে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ থেকে খলিল আহমদকে গ্রেপ্তার করা হয়। তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানান ওসি।

ওসি জানান, গত বছরের এপ্রিলে চালিবন্দরের ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী খলিল। এ মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন লাভ করে সে। জামিন লাভের পরই সে অতিন্দ্র দেবের বাসায় হামলা চালায়।

শুক্রবার বিকাল ৪টায় এ নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে কোতয়ালী থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত