১৮ মে, ২০১৫ ২২:০৩
হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান ও তার ছেলে জেএমবি’র আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীমসহ ৬ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন করা হয়েছে। সোমবার বিকেলে কড়া নিরাপত্তায় তাদেরকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালে-২ এর বিচারক মাহফুজা পারভীনের আদালতে হাজির করা হয়।
আদালতে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সাক্ষী কৃষ্ণ দেবনাথ।
শহরের তিনকোনা পুকুর পাড় এলাকার তমা ক্লথ স্টোরের ম্যানেজার কৃষ্ণ দেবনাথ বলেন, ওই এলাকায় শামীমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ যখন সিডিসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করে তখন তা দেখেছেন। এর বাইরে তিনি কিছু দেখেননি বা জানেন না। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৯ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারন করেন।
আদালতে হাজির হওয়া আসামীরা হলো জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে এএইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ ও বেলাল হোসেন ওরফে তামীম। সোমবার জেএমবি সদস্য সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়নি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।
আপনার মন্তব্য