২০ মে, ২০১৫ ১৬:০৭
পাঁচদিনের মাথায় পুলিশ পরিচয়ে এবার সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মসজিদে মাইকিংয়ের ফলে ডাকাতদল ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইলসেট ছাড়া আর কিছুই নিতে পারেনি। জনতার রোশানলে পড়ে পালানোর সময় ডাকাতদের গুলিতে অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ রশিদপুর অটোরিকশা ষ্ট্যান্ডের চালক কালামিয়া (৫০) ও ব্যবসায়ী আব্দুস শহীদ (৪৫) এ দু’জনের নাম পাওয়া গেলেও বাতি একজনের নাম পাওয়া যায়নি।
বুধবার ভোররাতে আড়াইটায় উপজেলার হামিদপুর গ্রামের লন্ডন প্রবাসী সাইদ আলী খাঁনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার গভীর রাতে উপজেলার খাজা ইউনিয়নের গমরাগুল গ্রামের সৌদি প্রবাসী আলা উদ্দিনের বাড়িতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রশিদপুর পয়েন্টে টহলে থাকা থানা পুলিশের এএসাই মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রবাসীর ভাই বাবুল খাঁন বলেন- পুলিশ পরিচয়ে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল কলাপসিপল গেইটের তালা ও দরজার সিটকারী ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তিনি (বাবুল খাঁন) পরিবারের সদস্যদের নিয়ে ষ্টৌর রুমে আশ্রয় নিয়ে অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছেন। ঠিক তখনই গ্রামের মসজিদে মাইকিং করা হলে রশিদপুর পয়েন্টের অটোরিকশা স্ট্যান্ডের চালকরাসহ স্থানীয় লোকজন আসতে থাকেন। পালিয়ে যাবার সময় বাড়ির বাইরে জনতার মুখোমুখি হলে গুলি ছুঁড়ে ডাকাতদল। এসময় ডাকাতের গুলিতে স্থানীয় দু’জনসহ আরও এক পথচারী আাহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
তবে ডাকাতির ব্যাপারে সত্যতা স্বীকার করলেও বিশ্বনাথ থানার ওসি রফিকুল হসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানেননা বলে জানিয়েছেন। তিনি বলেন- পুলিশ ও জনতা ঘেরাও দিলে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আপনার মন্তব্য