নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০১৫ ১৯:২৭

আর কত প্রাণের বিনিময়ে টনক নড়বে রাষ্ট্রের?

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ। মিছিলে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়।

মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা হত্যাান্ডের ১৪ দিন পরও অনন্ত'র খুনিরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে, দ্রুততম সময়ের মধ্যে খুনিদের ধরার দাবি জানান। বক্তারা বলেন, একের পর এক মুক্তমনা লেখকদের খুন করা হলেও সরকার এ ব্যাপারে একেবারে নিরব। এসব হত্যাকান্ড বন্ধ ও হত্যাকারীদের বিচারে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বক্তারা প্রশ্ন রাখেন, আর কত প্রাণের বিনিময়ে রাষ্ট্রের টনক নড়বে? খুনিদের ধরতে ও জঙ্গিবাদ নির্মূল করতে উদ্যোগী হবে?

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে অনন্ত বিজয়ের খুনিদের গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচী গড়ে তোলা হবে।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে ও ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি সিকন্দর আলীর সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।






আপনার মন্তব্য

আলোচিত