হবিগঞ্জ প্রতিনিধি

২৬ মে, ২০১৫ ১৯:৪৬

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্যোগ হবিগঞ্জে প্রামাণ্য ও স্থিরচিত্র প্রদর্শন

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দিতে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ জহুর চাঁন বিবি মহিলা কলেজে প্রামাণ্য ও স্থিরচিত্র প্রদর্শন করেছে জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথমে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এরপর কলেজ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আয়োজনে ‘ইতিহাস কথা বলে, সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ বিশ্বজিৎ পাল।

প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত কথা তুলে ধরেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা গৌরপ্রসাদ রায়। বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক লুৎফুর রহমান, প্রভাষক নাজমুন্নাহার, জাদুঘরের পক্ষে মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হালিমা আক্তার। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুক্তিযোদ্ধা গৌরপ্রসাদ রায়। পরে মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।



আপনার মন্তব্য

আলোচিত