সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ মে, ২০১৫ ১৩:৩৩

সুনামগঞ্জবাসীকে নেপাল দূতাবাসের ধন্যবাদ

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে অর্থ সাহায্য পাঠানোয় সুনামগঞ্জ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে পত্র পাঠিয়েছে ঢাকাস্থ নেপাল দূতাবাস।

বুধবার (২৭ মে) নেপালের রাষ্ট্রেদূত এইচকে শ্রেষ্ঠ স্বাক্ষরিত একটি পত্র সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে এসে পৌঁছায়। রাষ্ট্রদূত তাঁর চিঠির একাংশে উল্লেখ করেন, "I was touched by the kind sentiments of the friendly people of Sunamganj by extending token support and solidarity with the Nepali people affected by the natural disaster."।

গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল। ওইদিন ৭.৯ মাত্রার ভূমিকম্প হয়। কয়েকদফায় ভূমিকম্প হয়ে ধ্বসে পড়ে ঘর-বাড়ি। ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশেও।

ফেসবুকে স্ট্যাটাসে ও পেজে নেপালকে সাহায্যের আবেদনের লেখা শেয়ার এবং বিভিন্ন প্রচারণা চালানোর পরই মূলত সবাই এই সাহায্য সংগ্রহে এগিয়ে আসেন। উদ্যোগের শুরুটা হয় সেখান থেকেই। কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন, নেপালের পাশে দাঁড়ানোর জন্য সবাই একসঙ্গে অর্থ সংগ্রহে নামবেন, কোন 'ব্যানার' নিয়ে নয়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য নয়। এ পর্যায়ে আরো অনেকে এসে যোগ দেন। এরপর শহরে একদল তরুণ সক্রিয়ভাবে অংশ নিয়ে অর্থ সংগ্রহ চালান।

গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত 'প্লিজ হেল্প নেপাল - নেপালের পাশে দাঁড়ান' লিখা বাক্স নিয়ে বিভিন্ন অফিস-আদালত, ব্যাংক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও দোকানপাটে তরুণরা ঘোরার পর সংগ্রহ হয়েছিল ৬০ হাজার টাকা।

নেপালের মানুষের পাশে দাঁড়াতে, যে যার সাধ্যমত টাকা দিয়েছেন। কেউ দু টাকা, কেউ চার টাকা, কেউ পাঁচ টাকা, কেউবা একেবারে পাঁচশ টাকা। এসময় ভূমিকম্পে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা ও পুরো নেপালবাসীর প্রতি সমবেদনা জানান সুনামগঞ্জ শহরের মানুষ। মানবিকতার দিক থেকেই এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন সবাই।

এরপর, গত ৪ মে সংগ্রহ অভিযান শেষে সংগৃহীত ৬০ হাজার টাকা তোলে দেয়া হয় সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের হাতে। এরসঙ্গে আরো টাকা যোগ করে জেলা প্রশাসক মোট ৮১ হাজার দুইশত আশি টাকা নেপাল দূতাবাসে পাঠান।

আপনার মন্তব্য

আলোচিত