২৮ মে, ২০১৫ ১৪:৫১
হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মির্জাপুর গ্রামের ইউপি মেম্বার কালন মিয়ার সাথে একই এলাকার হাজী হাবিবুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষ ৫০ জন আহত হন।
আহতদের মধ্যে মজনু মিয়া, আহাদ মিয়া, আব্দুল আওয়াল, রেজিয়া খাতুন, জুয়েল মিয়া, হারুন মিয়া, নার্গিস আক্তার, ইমান আলী, আলী হোসেন, মামুন মিয়া, মিলন মিয়া, জাহানারা বেগম, এংরাজ বানু, তফুরা বেগম, আবুল কালামকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ মডেল সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ কোন মামলা দায়ের করেনি।
আপনার মন্তব্য