২৮ মে, ২০১৫ ১৮:৪৯
সারাদেশের তুলনায় সিলেটে মাতৃমৃত্যুর হার অনেকটাই কম বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এছাড়াও শিশুমৃত্যু হ্রাস এবং মাতৃত্বজনিত অন্যান্য সমস্যাতেও এ অঞ্চলে আনুপাতিক হার কমে আসছে। সিলেটে নিরাপদ মাতৃত্ব বিষয়ক সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করেছেন কর্মরত চিকিৎসকেরা।
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৮ মে) এ সেমিনারের আয়োজন করে অবস্ট্রাকল এন্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি ও বেক্সিমকো ফার্মা।
সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুস ছবুর মিঞা, বিএমএ’র সভাপতি ডা. রুকন উদ্দিন আহমদ, বেক্সিমকো ফার্মার ডিজিএম(সেলস) একেএম রফি-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানগণ। স্বাগত বক্তব্য রাখেন ও.জি.এস.বি’র সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার ভৌমিক।
বক্তরা বলেন- উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ মাতৃমৃত্যু ও প্রসবজনিত সমস্যায় অনেকটা পিছিয়ে থাকলেও সময়ের সাথে সাথে এ অবস্থার উন্নতি হয়েছে। গত দু’দশকে বালাদেশে ৫৬ শতাংশ মাতৃমৃত্যু কমেছে। ২০৩০ সালের মধ্যে এ হার শূন্যের কাছাকাছি নামিয়ে নামিয়ে আনতে সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা।
দেশে প্রতিবছর মাতৃমৃত্যুর হার ৪ দশমিক ৫ শতাংশ করে কমানোর লক্ষ্যমাত্রা থাকলেও সিলেটে ৫ দশমিক ৫ শতাংশ হারে কমছে। এছাড়াও শিশু মৃত্যু ও মাতৃত্বজনিত সমস্যাও এ অঞ্চলে উল্লেখযোগ্য হারে কমছে বলে দাবী করেন বক্তরা।
এক্ষেত্রে সরকার গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন বক্তারা।
আপনার মন্তব্য