০২ জুলাই, ২০১৫ ১৬:৫৫
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে জয়নাল নামে এক লম্পট। বুধবার দুপুরে উপজেলার মানিকভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে এলাকাবাসী জয়নালকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। সে ওই গ্রামের আব্দুর রফিকের ছেলে। রাতে এ ব্যাপারে মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর পিতা (জালাল মিয়া)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মানিকভান্ডার গ্রামের বাসিন্দা স্থানীয় উসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই ছাত্রী (১০) কোচিং ক্লাশ শেষ করে বুধবার দুপুরে দিকে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের জয়নাল ওই ছাত্রীর মুখ চেপে ধরে উসমানপুর বাঁশতলা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালায় সে। এক পর্যায়ে জয়নালের কবল থেকে ছাড়া পেয়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে এলাকাবাসী দলবদ্ধ হয়ে জয়নালকে খুঁজতে থাকেন। বিকেল সাড়ে ৫টায় জয়নাল আসামপাড়া বাজারে এলে লোকজন জয়নালকে আটক করে স্থানীয় ইউনিয়ন অফিসে নিয়ে যান। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই হরিদাস জয়নালকে আটক করে থানায় নিয়ে যান। এদিকে জয়নালকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা আসামপাড়া বাজারে গিয়ে ওই স্কুলছাত্রীর মামা বাহার উদ্দিনকে মারধোর করেন। পরে এলাকাবাসী বাহারকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
এ ব্যাপারে রাতেই ওই ছাত্রীর পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় জয়নালের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, জয়নাল ধর্ষণ প্রচেষ্টার কথা স্বীকার করেনি। সে জানিয়েছে ওই ছাত্রীর পিতার সাথে জুয়া খেলা নিয়ে তার ঝগড়া হয়েছিল। এর জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।
তিনি আরো জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য