তাহিরপুর প্রতিনিধি

০২ জুলাই, ২০১৫ ১৭:১৫

তাহিরপুরে বালু বিক্রি করাকে কেন্দ্র করে সংঘর্ষ: মুক্তিযোদ্ধা সহ আহত ১০

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবৈধভাবে যাদুকাটা নদীর তীর কেটে বালু বিক্রি করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মুক্তিযোদ্ধা ছায়েদ মিয়া (৬৫), তার ছেলে মোবারক হোসেন (২৬) কে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও আব্দুল মনাফ (৬০), তার স্ত্রী হনুফা বেগম (৫০), ছেলে আব্দুনুর মিয়া (৩৫), মেয়ের জামাই তাজুল মিয়া (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় গ্রামের জামাল মিয়া ও মুক্তিযোদ্ধা ছায়েদ মিয়ার নেতৃত্বে ওই গ্রাম সংলগ্ন যাদুকাটা নদী তীর কেটে অবৈধভাবে বালু বিক্রি করার সময় নদীর তীরের মালিক দাবী করে একই গ্রামের আব্দুল মনাফ ও তার ছেলে আব্দুনুর মিয়া তাদের লোকজন নিয়ে বাঁধা দেয়। এঘটনার জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়।

তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন একই ভাবে যাদুকাটা নদীর তীর কেটে বালু ও পাথর বিক্রি নিয়ে সংঘর্ষে সাংবাদিকসহ ১৫জন আহত হয়েছিল। কিন্তু ওই নদীর তীর কাটা বন্ধের ব্যাপারে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেনা।

 

আপনার মন্তব্য

আলোচিত