০৫ জুলাই, ২০১৫ ১৬:৪৪
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ৭ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করে। এ ঘটনায় উভয়পক্ষের বাসাবাড়ি ভাংচুর করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শায়েস্তানগর এলাকার আরজু মিয়ার সাথে বাসার জায়গা নিয়ে একই এলাকার তাজুল ইসলাম, আব্দুল খালেক গংদের বিরোধ চলছিল। শনিবার সাড়ে ৯টার দিকে এ বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে উভয়পক্ষের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে আরজু মিয়া, তার স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে ঝুমা আক্তার, রুমা আক্তার, ছেলে কাউছার মিয়া, রাহেলা বেগম ও সৈয়দা বানুকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাত ১০টায় সদর মডেল থানার এসআই কৌশিক মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে আসামী ধরতে গেলে টমটমের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে সদর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কামরুল মিয়া, তাজুল, বাবু ও কদ্দুছ নামে ৪ জনকে আটক করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় আরজু মিয়ার পক্ষের লোকজন মামলা দায়ের করেছেন।
আপনার মন্তব্য