বড়লেখা প্রতিনিধি

০৬ জুলাই, ২০১৫ ০০:১০

বড়লেখায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ, দুলাভাই গ্রেফতার

বড়লেখা থেকে শ্যালিকাকে অপহরণ করে সহযোগীকে নিয়ে ২৪ দিন পালাক্রমে ধর্ষনের অভিযোগে পুলিশ দুলাভাই রুবেল সিকদারকে (২৮) কে গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতার করে রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়।

সে সিলেট জেলার কানাইঘাট উপজেলার মইনারপার গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। রুবেল বড়লেখা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল মুতলিবের মেয়ে আখলাছুন বেগমকে বিয়ে করে শ্বশুরালয়ে বসবাস করত।

মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, রুবেল সিকদার গত ৫ জুন স্ত্রী আখলাছুন বেগম ও শালিকাকে নিয়ে বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের একটি ফার্নিচারের দোকানে যায়। সেখানে স্ত্রীকে রেখে কৌশলে শ্যালিকাকে সিএনজি চালিত একটি অটোরিকশায় তুলে পালিয়ে যায়। দুলাভাই রুবেল সিকদার ও তার অজ্ঞাত সহযোগী শ্যালিকাকে (২০) ৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুরের তার বোনের বাসা ও সিলেট জেলার বিভিন্ন স্থানে রেখে নির্যাতন ও পালাক্রমে ধর্ষন করে।

৩০ জুন সুকৌশলে দুলাভাইর কবল থেকে বেরিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়।

এ ঘটনায় ধর্ষিতা শনিবার (৪ জুলাই) বড়লেখা থানায় দুলাভাই রুবেল সিকদারকে প্রধান আসামী করে দুইজনের বিরুদ্ধে ধর্ষন ও নারী নির্যাতন মামলা করেন। পুলিশ ভিকটিম বাদীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে এবং এদিন রাতেই রুবেলকে এলাকাবাসীর সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান মামলার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত রুবেল শিকদারকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত