সিলেটটুডে ডেস্ক

০৮ জুলাই, ২০১৫ ১৮:১০

যানজট নিরসনে রোভার স্কাউটস

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে বিবেচনায় রেখে মহানগরীর যানজট কমাতে উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)। এরই অংশ হিসেবে ২০ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত এসএমপি ট্রাফিক পুলিশকে সহাযোগীতা করবে রোভার স্কাউট সিলেট-এর একটি স্বেচ্ছাসেবক দল। ট্রাফিক পুলিশের সহযোগী হিসাবে রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক দল সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সহায়তায় নগরীর যানজটপ্রবণ পয়েন্টেগুলোতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বায়িত্ব পালন করবে।

নগরীর নাইওরপুলস্থ এসএমপি কমিশনারের কার্যালয়ে এক পরিচিতি সভায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ১ম সহ-সভাপতি হাসিন আহমদ বলেন, এসএমসিসিআই সব সময় জনকল্যাণমুলক কাজ করতে আগ্রহী। বিগত বছরের ন্যায় এ বছরও যানজট নিরসনে সহায়তার জন্য রোভার স্কাউট ট্রাফিক পুলিশের সাথে শহরের বিভিন্ন যানজটপ্রবণ পয়েন্টে কাজ করবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য রোভার স্কাউট প্রদান করায় এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জনান।

তিনি বলেন, যানজটের মত একটি জটিল সমস্যা সমাধানে স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবসমুহ এগিয়ে আসলে শুধু ঈদ কিংবা রমজান নয় বছরের অন্যান্য সময়েও যানজট নিরসনে সহায়ক ভুমিকা পালন করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুশফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক শফিউল আলম চৌধুরী, মৌলানা খায়রুল হোসেন, হুরায়রা ইফতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ইপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত